Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

কাফরুলে সুমি আক্তার হত্যার অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার

 রাজধানীর কাফরুলে সুমি আক্তার (২১) নামের এক নারীকে নৃশংসভাবে হত্যার অভিযোগে তাঁর সাবেক স্বামী মো. শফিকুল ইসলাম কাজীকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার ঢাকা মহানগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, ২০১৮ সালের ১৯ এপ্রিল সুমি আক্তার ও শফিকুল ইসলাম বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের পাঁচ বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে গত ৩০ জুন তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর তাঁরা পাশাপাশি বাসায় থাকতেন। সন্তানটি বাবার কাছে থাকায় সুমি মাঝেমধ্যে খাবার নিয়ে গিয়ে ছেলেকে খাওয়াতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই সন্ধ্যায় সুমি ছেলের জন্য খাবার নিয়ে শফিকুলের বাসায় যান। রাত তিনটার দিকে শফিকুল ছেলেকে নিয়ে বের হওয়ার চেষ্টা করলে প্রতিবেশীদের নজরে পড়েন এবং পালিয়ে যান। পরদিন সকাল নয়টার দিকে বাসার তালা ভেঙে খাটের নিচে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় সুমির মরদেহ পাওয়া যায়। তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল।

ঘটনার পর সুমির পরিবারের পক্ষ থেকে কাফরুল থানায় হত্যার মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারের পর শফিকুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।