মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশিক মিয়া (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার রবিরবাজার লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশিক উপজেলার পৃথিপপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের মখলিছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আত্মহত্যার আগে আশিক তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি অভিযোগ করেন, স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, “আমরা বিষয়টি জেনেছি। তবে ঘটনাস্থল রেলওয়ে থানার আওতাধীন হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবে।”
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।