নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুরে ছুরিকাঘাতে রিয়াদ হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে পশ্চিম মনতলা গ্রামের মো. খুখন মিয়ার ছেলে এবং খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৩ আগস্ট) বিকালে মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠে ফুটবল খেলার সময় পূর্ব বিরোধের জেরে রামপুর গ্রামের তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন যুবক রিয়াদের উপর হামলা চালায়। উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত রিয়াদকে স্থানীয়রা উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা খুখন মিয়া বলেন, “আগের দিন ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে রামপুর গ্রামের তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন যুবক আমার ছেলের উপর হামলা করে। তারা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। আমি আমার ছেলের হত্যাকারীদের ফাঁসির শাস্তি চাই।”
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।