কুষ্টিয়ার দৌলতপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় এক দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সুমন হোসেন (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের পঁচামাদিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের আমানুজ্জামান (৪৫) নামের দোকানির দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাকিতে সিগারেট নিতে যান। দোকানি আমানুজ্জামান তা দিতে অস্বীকৃতি জানান এবং পূর্বের বাকির টাকা পরিশোধের কথা বলেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে আমানুজ্জামানকে আঘাত করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে হঠাৎ তিনি দোকানির ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন। স্থানীয়রা গুরুতর আহত আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। আহত আমানুজ্জামান পঁচামাদিয়া গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে আমানুজ্জামানের বড় ভাই নাজমুল ইসলাম দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি বলেন, “সোমবার সকালে আমার ছোট ভাইয়ের দোকানে সুমন এসে বাকিতে সিগারেট চাইলে ভাই তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন আমার ভাইয়ের ডান কান কামড়ে ছিঁড়ে ফেলে। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।”
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”