ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে মোবাইলে ছবি দেখানোর লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে স্থানীয়রা আজহার (২১) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ আগস্ট) রাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধাপুনিয়া গ্রামের আবু তাহেরের ছেলে আজহার তার পরিবার নিয়ে জামিরদিয়া গ্রামের আইডিয়ালের মোড় এলাকায় সামাদ হাজীর বাসায় ভাড়া থাকেন এবং স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। একই বাড়িতে ভালুকা উপজেলার চন্দ্রথলিখিলা গ্রামের ওই শিশুর পরিবারও ভাড়া থাকে। শিশুটির বাবা পেশায় অটোরিকশা চালক।
বুধবার রাতে আজহার মোবাইলে ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ঘরে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি রক্তাক্ত ও গুরুতর জখম হয়। বৃহস্পতিবার সকালে শিশুটির মা তার হাফপ্যান্টে রক্ত দেখতে পান। পরে শিশুটি মাকে ঘটনাটি খুলে বললে স্থানীয়রা আজহারকে আটক করে পুলিশে হস্তান্তর করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ধর্ষণের ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।