Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

নাচোলে আইনশৃঙ্খলা সভায় চাঁদাবাজি মামলার আসামির উপস্থিতিতে সমালোচনা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মেহারাব গোলাম জাকারিয়ার উপস্থিতি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় নাচোল উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামাল হোসেন সভাপতিত্ব করেন এবং নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় ওসির সামনের চেয়ারে বসে ছিলেন চাঁদাবাজি মামলার আসামি জাকারিয়া। এ নিয়ে সভায় উপস্থিত সাংবাদিক ও সচেতন মহলের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। সভার একপর্যায়ে ইউএনও সাংবাদিকদের ছবি তুলতে নিষেধ করেন। ওসি মনিরুল ইসলাম জেলায় মিটিংয়ের কথা বলে দ্রুত সভাস্থল ত্যাগ করেন।

সভায় জাকারিয়া অভিযোগ করে বলেন, ওসি মনিরুল ইসলাম আওয়ামী লীগের সমর্থক হিসেবে কাজ করছেন এবং তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়েছেন। তিনি এই ওসির বিচার দাবি করেন। বিএনপি নেতা দুরুল হোদাও জাকারিয়ার পক্ষে বক্তব্য দিয়ে বলেন, তিনি নির্দোষ হলে মামলা থেকে বাদ দেওয়া উচিত, আর দোষী হলে ব্যবস্থা নেওয়া উচিত।

জানা যায়, গত আগস্টে রাজশাহীর আনোয়ারা বেগম নামে একজন বাদী হয়ে জাকারিয়াকে ৯নং আসামি করে নাচোল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। নাচোল থানা পুলিশ জানায়, জাকারিয়া এখনো জামিন নেননি।

ওসি মনিরুল ইসলাম বলেন, তিনি সভায় যেতে চাননি, কিন্তু ইউএনও তাকে জানিয়েছিলেন যে জাকারিয়া সভায় থাকবেন না। তবে গিয়ে দেখেন তিনি সভায় উপস্থিত। ইউএনও কামাল হোসেন জানান, মামলাটি তদন্তাধীন এবং এখনো চার্জশিট দেওয়া হয়নি। জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হয়েছে।