Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

ঢাবিতে রুমমেটকে ছুরিকাঘাত: ডাকসু ভিপি প্রার্থী জালাল বহিষ্কৃত

 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে হাজী মুহাম্মদ মুহসীন হল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে জালালের বহিষ্কারের ঘোষণা দেন। জালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী। প্রাধ্যক্ষ বলেন, “এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তার ছাত্রত্ব বাতিলের ব্যবস্থাও নেওয়া হবে।”

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলমান বাগবিতণ্ডার জেরে জালাল আহমদ তার রুমমেট রবিউল হককে ছুরিকাঘাত করেন। আহত রবিউল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রবিউল হক জানান, “রাত সাড়ে ১২টার দিকে জালাল কক্ষে এসে লাইট জ্বালায় এবং শব্দ করতে থাকে। এতে আমার ঘুম ভেঙে যায়। আমি বলি, সকালে লাইব্রেরিতে যেতে হবে, অযথা শব্দ করলে ঘুমে সমস্যা হচ্ছে। এতে সে রেগে গিয়ে আমাকে ‘অবৈধ’, ‘বহিরাগত’ বলে গালি দেয়। আমি প্রতিবাদ করলে সে আমাকে ছুরিকাঘাত করে। পরে আমি কোনোক্রমে আত্মরক্ষা করি।”

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জালাল আহমদকে পুলিশের হাতে তুলে দিয়েছে। প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, “জালালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা আসন্ন ডাকসু নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।” জালালের বিরুদ্ধে পূর্বের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এই মুহূর্তে পূর্বের ব্যবস্থা সম্পর্কে বলতে পারছি না। তবে এ ঘটনার পর সব বিষয় খতিয়ে দেখা হবে।”

এদিকে, এ ঘটনায় হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রভোস্টের পদত্যাগের দাবি জানিয়েছেন অনেক শিক্ষার্থী। প্রক্টর বলেন, “শিক্ষার্থীরা প্রভোস্টের পদত্যাগের দাবি জানাচ্ছে। তবে তারা যদি বুধবার উপাচার্যের সঙ্গে বসে পদ্ধতিগতভাবে দাবি উত্থাপন করে, তবে তা বিবেচনা করা হবে।”