অভিযুক্ত শাকিল আহমেদ চাটমোহর থানার এএসআই ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা। তিনি তিন সন্তানের জনক।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী মাসুরা খাতুন কয়েক মাস আগে থানায় একটি কাজে আসেন। তখন থেকেই এএসআই শাকিলের সঙ্গে তার পরিচয় গড়ে ওঠে এবং পরবর্তীতে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।
সম্প্রতি মাসুরা খাতুন শ্বশুরবাড়ি ছেড়ে থানার পেছনে চৌধুরীপাড়ায় একটি বাসায় ভাড়া থাকতে শুরু করেন। সেখানে নিয়মিত যাতায়াত ছিল শাকিল আহমেদের। গত মঙ্গলবার কুষ্টিয়ার একটি আদালতে সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল। এরপর থেকেই মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শাকিলের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত ফেরেননি তিনি।
মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান পুত্রবধূ ও এএসআই শাকিলের খোঁজাখুঁজি করে ব্যর্থ হন এবং পরকীয়ার বিষয়টি জানার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মাসুরা দুই সন্তানের জননী।
এ বিষয়ে জানতে এএসআই শাকিলের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। চাটমোহর থানার ওসি মনজুরুল আলমের ফোনও রিসিভ না হওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার বলেন, “বিষয়টি আমরা জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তদন্ত সাপেক্ষে এএসআই শাকিলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”