অভিযুক্তরা হলেন সুখপুকুরিয়া গ্রামের ওমর আলীর ছেলে সফিরউদ্দীন (৪০) এবং বজলুর রশিদের ছেলে বাবলু (৩৫)।
ভুক্তভোগী নারীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারী শারীরিক প্রতিবন্ধী এবং তার দেড় বছর বয়সী একটি সন্তান রয়েছে। ঘটনার দিন সকালে বাবলু তাদের বাড়িতে এসে জানায়, নারীর স্বামী কলা ও আমড়া কিনে সফিরউদ্দীনের বাড়িতে রেখে গেছেন। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও বাবলু পুনরায় এসে একই কথা বলেন।
বাবলুর কথায় বিশ্বাস করে ওই নারী তার দেড় বছরের সন্তানকে কোলে নিয়ে তরকারি আনতে সফিরউদ্দীনের বাড়িতে যান। সেখানে পৌঁছে সফিরউদ্দীন তাকে ঘরের ভেতরে যেতে বলেন। এ সময় শিশুটি কান্না শুরু করলে বাবলু তাকে পেয়ারা খেতে দেয়। এরপর সুযোগ বুঝে সফিরউদ্দীন জোর করে নারীকে ঘরের ভেতর টেনে নিয়ে যান এবং বাবলুর সহায়তায় তাকে ধর্ষণ করেন। এ সময় তাকে মারধর করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়।
ঘটনার পর ভয়ে ওই নারী প্রথমে কাউকে কিছু না বললেও পরে পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করেন। স্থানীয়ভাবে সালিশ বৈঠকের চেষ্টা হলেও তা ব্যর্থ হয়। এরপর ভুক্তভোগী নিজেই চৌগাছা থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় ইউপি সদস্য পারভিনা বেগম বলেন, ‘অভিযুক্তরা সুবিধাজনক চরিত্রের নয়। তারা প্রায়ই নেশার সঙ্গে জড়িত থাকে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভুক্তভোগীকে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’