Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

পিরোজপুরে আওয়ামী লীগ নেতা এহসান হিরণকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজারে শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে একটি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর ২০১৩ সালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা আওয়ামী লীগ নেতা মো. এহসান হিরণকে (৪০) স্থানীয়রা আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসির রায় ঘোষণা করে। তখন বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. এহসান হিরণ প্রকাশ্যে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে ঘোষেরহাট বাজারে তাকে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করেন। প্রথমে তাকে মিষ্টি খাওয়ানো হয়, পরে পিটুনি দেওয়া হয়। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেন বলেন, “স্থানীয়রা হিরণের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। তিনি যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় সাঈদীর ফাঁসির রায়ের পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছিলেন। আমরা তার বিচার চাই।”

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, “স্থানীয়রা এহসান হিরণকে আটক করে পিটুনি দেয়। আমরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হবে।”