Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

গুলশানে চাঁদাবাজি: জানে আলম অপুর ভাইরাল ভিডিওতে আসিফ মাহমুদের নাম, অভিযোগ অস্বীকার

রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়েছেন। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি দাবি করেছেন, চাঁদাবাজির ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জানে আলম অপুর ভিডিও প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘জানে আলম অপুকে আমি ২০২২ সালে চিনতাম। ৫ আগস্টের পর তার সঙ্গে আমার কখনো দেখা বা কথা হয়নি। এ ধরনের অভিযোগ শুনে আমি বেশ অবাক হয়েছি।’ তিনি আরও বলেন, ‘চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যা বলা হচ্ছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অপুর বক্তব্য জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।’

উপদেষ্টার পদ থেকে পদত্যাগ এবং রাজনীতিতে যুক্ত থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘শুধু পরিচিতির কারণে সবাই আমার, মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে। কিন্তু এই সরকারে আরও অনেকে আছেন, যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় রয়েছে। তারা হয়তো এখনো রাজনীতির সঙ্গে যুক্ত এবং ভবিষ্যতেও রাজনীতি বা নির্বাচনে অংশ নেবেন। আমি মনে করি, তফসিল ঘোষণার আগে সবারই পদত্যাগ করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমি নিজে পদত্যাগ করব, কারণ আমি রাজনীতি করতে চাই। তবে নির্বাচনে অংশ নেব কি না, তা এখনো ঠিক করিনি। পদত্যাগের পর এনসিপিতে যোগ দেব কি না, তাও এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’