ফরিদপুরের মধুখালী উপজেলায় মুক্তিপণের জন্য অপহৃত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তামিম তালুকদারকে (১১) নৃশংসভাবে হত্যার ঘটনায় পুলিশ তুহিন শেখ (২৫) ও আমিরুলকে (২৫) গ্রেপ্তার করেছে। তুহিন দীর্ঘদিন ধরে তামিমের বাবা সৌদিপ্রবাসী শামীম তালুকদারের বাড়িতে কাজ করতেন। তামিমের হত্যাকাণ্ডে স্থানীয় এলাকাবাসী স্তম্ভিত হয়ে পড়েছে।
স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও তামিমের পরিবার সূত্রে জানা গেছে, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তামিম তালুকদার গত ১৫ আগস্ট বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হন। সন্ধ্যা হলেও তামিম বাড়ি না ফেরায় তার মা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনো সন্ধান পাননি। ওই রাতেই অপহরণকারীরা তামিমের মায়ের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তামিমকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় তামিমের পরিবার মধুখালী থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তুহিন শেখকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী, সোমবার (১৮ আগস্ট) রাতে মধুখালীর কোরকদি ইউনিয়নের বাঁশপুর এলাকার একটি ডোবা থেকে আবর্জনা দিয়ে ঢাকা তামিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তামিমের পরনে থাকা গেঞ্জি দিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত আমিরুল নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তুহিনের বাড়ি মাগুরা জেলার মহাম্মদপুর থানায় এবং আমিরুলের বাড়ি মাগুরা জেলার সদর থানায়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, এটি একটি পরিকল্পিত অপহরণ ও হত্যাকাণ্ড। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তুহিনকে আটক করা হয় এবং তার স্বীকারোক্তিতে লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, “তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এই চক্রটি অন্য কোনো ঘটনার সঙ্গে জড়িত কিনা, তাও জানতে জিজ্ঞাসাবাদ করা হবে।” পুলিশ আটক দুজনের সাত দিনের রিমান্ড আবেদন করে মঙ্গলবার (১৯ আগস্ট) আদালতে পাঠিয়েছে।
তামিমের পরিবার জানায়, নিখোঁজের পর মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করা হয়েছিল। পরিবার টাকা দিতে প্রস্তুত ছিল, কিন্তু তবু তামিমকে বাঁচানো যায়নি। এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। জানা গেছে, তামিমের বাবা শামীম তালুকদার মঙ্গলবার সৌদি আরব থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। তার আগমনের পর তামিমের মরদেহ দাফন করা হবে।