টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য (এমপি) এবং সাবেক ‘সিটি মিনিস্টার’। তিনি বর্তমানে বাংলাদেশে এই দুর্নীতি মামলার বিচারের মুখোমুখি। এর আগে, ১১ আগস্ট শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে একই অভিযোগে পৃথক তিনটি মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল।
দুদকের অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন, যদিও তারা এই বরাদ্দের জন্য যোগ্য ছিলেন না। দুদকের পিপি খান মো. মইনুল হোসেন জানান, রাজউকের বিধান অনুযায়ী, যাদের ঢাকায় কোনো জমি, বাড়ি বা গাড়ি নেই, তারাই প্লট বরাদ্দের জন্য আবেদন করতে পারেন। কিন্তু শেখ হাসিনার পরিবার মিথ্যা হলফনামা জমা দিয়ে দাবি করেছিল যে তাদের কোনো সম্পত্তি নেই, যা দুদকের তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে।
গত ৩১ জুলাই ঢাকার দুটি বিশেষ জজ আদালত ছয়টি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের পরিবারের সাত সদস্যসহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্যে তিনটি মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য ১১ আগস্ট এবং বাকি তিনটি মামলায় শেখ রেহানা, টিউলিপ, আজমিনা ও রাদওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য ১৩ আগস্ট তারিখ ধার্য হয়।
মামলায় শেখ পরিবারের বাইরে আরও ১৬ জন অভিযুক্ত রয়েছেন। তারা হলেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, নুরুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন, সামসুদ্দিন আহমদ চৌধুরী, শেখ শাহিনুল ইসলাম, হাফিজুর রহমান, হাবিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।
২০২৪ সালের ২৬ ডিসেম্বর দুদক এই প্লট বরাদ্দের বিষয়ে অনুসন্ধান শুরু করে। পরবর্তীতে ২০২৫ সালের ১২, ১৩ ও ১৪ জানুয়ারি পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা দণ্ডবিধি, ১৮৬০-এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারার অধীনে অপরাধ করেছেন।
আসামিরা বর্তমানে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ আগস্ট তারিখ ধার্য করা হয়েছে।