ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান জানান, বৃহস্পতিবার ভোরে টেকনিক্যাল বাসস্ট্যান্ড থেকে প্রথমে চালক জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ছিনতাই করা মোবাইল ফোন এবং একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
ডিসি রাকিব খান জানান, এই চক্রটি গাবতলী, কল্যাণপুর এবং আশপাশের এলাকায় বাস থেকে নামা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিত। পরে শেরেবাংলা নগর এলাকার নির্ধারিত কিছু স্থানে পৌঁছে গাড়ি বন্ধ করে দিত এবং যান্ত্রিক ত্রুটির কথা বলে সময়ক্ষেপণ করত। এ সময় চক্রের অস্ত্রধারী সদস্যরা এসে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুট করত। কিছু ক্ষেত্রে তারা জিম্মি করে ব্যাংক থেকে টাকা তুলে নিত।
তিনি আরও বলেন, ১৬ আগস্ট শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি ছিনতাই মামলার তদন্তে নেমে এই ‘সিএনজি স্টার্ট বন্ধ’ কৌশলের সন্ধান পাওয়া যায়। এই চক্রটি দুটি গ্রুপে বিভক্ত হয়ে কাজ করত। একটি গ্রুপ সিএনজিচালক হিসেবে এবং অন্য গ্রুপ অস্ত্রের মুখে ছিনতাই করত।
শেরেবাংলা নগর থানায় এ ধরনের ঘটনায় পরপর তিনটি মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ প্রাথমিকভাবে চক্রটির সন্ধান পায়নি। পরে ডিবি তেজগাঁও ছায়া তদন্ত শুরু করে এবং এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি ও চালককে শনাক্ত করে। চালককে গ্রেফতারের পর ছিনতাইয়ের পুরো ঘটনা বেরিয়ে আসে।
১৬ আগস্টের একটি মামলার এজাহারে বলা হয়, রাজশাহী থেকে টেকনিক্যাল বাসস্ট্যান্ডে আসা একজন যাত্রী সিএনজি অটোরিকশায় গন্তব্যের উদ্দেশে রওয়ানা হন। জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে পৌঁছানোর পর চালক গাড়ি বন্ধ করে দিয়ে যান্ত্রিক ত্রুটির কথা বলে সময়ক্ষেপণ করে। এ সময় তিনজন ছিনতাইকারী চালকের সহযোগিতায় যাত্রীর কাছ থেকে সর্বস্ব লুট করে। অতিরিক্ত টাকার জন্য তারা যাত্রীকে মারধর ও চাপ প্রয়োগ করে। ফলে যাত্রী পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে আরও টাকা এনে দিতে বাধ্য হন। পরে ছিনতাইকারীরা তাকে আগারগাঁও এলাকায় ফাঁকা জায়গায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়।