Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

শ্রীপুরে লেগুনার ধাক্কায় চালকের স্ত্রী নিহত, আহত ১২

 গাজীপুরের শ্রীপুরে চালকের নিয়ন্ত্রণ হারানো একটি লেগুনা রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চালকের স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ কমপক্ষে ১২ জন শ্রমিক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা-বরমী আঞ্চলিক সড়কের আনসার টেপিরবাড়ী গ্রামে।

নিহত নমিতা রানী (২৭) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বাসিন্দা এবং মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস কারখানার শ্রমিক ছিলেন। হতাহতরা সবাই এই কারখানার শ্রমিক।

প্রত্যক্ষদর্শী মো. বাবুল মিয়া জানান, বরমী বাজার থেকে শ্রমিকদের নিয়ে একটি লেগুনা গাজীপুর সদর উপজেলার মোশারফ স্পিনিং মিলস কারখানার দিকে যাচ্ছিল। তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় পৌঁছানোর পর লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে লেগুনাটি খুঁটির সঙ্গে আটকে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর এটিএম মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। লেগুনাটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে সামনের সিটে বসা নারী শ্রমিক নমিতা রানী আটকে পড়েন। পরে তার লাশ উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন শ্রমিক আহত হয়েছেন।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, ঘটনাস্থল থেকে নিহত নারী শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।