কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জশ্রীপুর গ্রামে বিয়ে বাড়ির জিলিক বাতির বিদ্যুৎস্পর্শে ইকরা (৬) নামের এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে, নিহত শিশুর চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে।
নিহত শিশু ইকরা উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের মাহাবুবল হকের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিরজানার বিয়ের অনুষ্ঠান চলাকালীন বাড়িটি লাল-নীল জিলিক বাতির আলোয় সজ্জিত ছিল। এ সময় শিশু ইকরা তার জেঠাতো বোনের সঙ্গে জিলিক বাতি ধরে অন্য শিশুদের সাথে খেলছিল। হঠাৎ বিদ্যুৎস্পর্শে ইকরা মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ইকরাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হোসেন জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করার সিদ্ধান্ত নিয়েছে।