মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে শ্রীমঙ্গল জোনের ট্যুরিস্ট পুলিশ। সেপ্টেম্বর থেকে পর্যটন মৌসুম শুরু হওয়ায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের পর্যটন কেন্দ্র মৌলভীবাজারে লক্ষাধিক পর্যটকের আগমন প্রত্যাশিত। পর্যটন শিল্পের বিকাশ এবং পর্যটকদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের একটি চৌকস দল কাজ করছে।
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই), চা বাগান সংলগ্ন আলপনা সড়ক, বধ্যভূমি ৭১, এবং বিটিআরআই চা বাগানসহ আশপাশের দর্শনীয় স্থানগুলোতে আগত পর্যটকদের সেবা ও নিরাপত্তা প্রদানের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে ট্যুরিস্ট পুলিশ। নিয়মিত টহল, হোটেল, রিসোর্ট, কটেজ, এবং গেস্ট হাউসে পর্যটকদের নিরাপত্তা তদারকি, এবং মোটরসাইকেলে দর্শনীয় স্থানগুলোতে টহল জোরদার করা হয়েছে।
শ্রীমঙ্গল ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তাপস দাশ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি পর্যটকদের নিয়ে কাজ করছি। স্থানীয় প্রশাসনের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা পর্যটকদের নিরাপত্তায় কাজ করছেন। শ্রীমঙ্গলের রাধানগরে ট্যুরিস্ট পুলিশের একটি কার্যালয় রয়েছে, যা পর্যটকদের মধ্যে নিরাপত্তার অনুভূতি জাগায়।”
শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌধুরী জানান, “মৌলভীবাজার পর্যটন সমৃদ্ধ একটি এলাকা। এখানে সারা বছরই পর্যটকরা আসেন। আমরা নিয়মিত টহল, হোটেল-রিসোর্ট তদারকি, এবং বিদেশি পর্যটকদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।”