যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে যুবলীগ কর্মী রেজাউল ইসলামকে (৪৮) কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা রেজাউল ইসলামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে পাশেই তাকে নৃশংসভাবে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, রেজাউল ইসলাম যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।