স্থানীয়রা জানান, রাতে হঠাৎ দুটি দোকান থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। তারা দ্রুত পাওয়ার পাম্প ব্যবহার করে পানি ছিটিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায়, অর্থাৎ রাত ২টার পর, আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু এর মধ্যেই আগুন ছড়িয়ে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, জামাল মুন্সীর ইলেকট্রনিক্স ও সাউন্ড সিস্টেমের দোকান, ইব্রাহিম হাওলাদারের ধান-চালের আড়ৎ, নিজাম উদ্দিনের ব্যাটারি চালিত অটোরিকশা রিপেয়ার দোকান, সিদ্দিক মিয়ার চায়ের দোকান এবং রাসেল আকনের গার্মেন্টসের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাঁচটি দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।