গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজার এলাকায় বাকি টাকা ও নাস্তার বিল চাওয়াকে কেন্দ্র করে হোটেল মালিকের ছেলে অসীম মিয়া (১৭) এবং নারী কর্মচারী সেলিনা বেগম (৪২) গুলিবিদ্ধ হয়েছেন। তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ আগস্ট) সকালে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে।
অভিযুক্ত গোলাপ মিয়া (৩৬) সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চক দারিয়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে। তিনি আওয়ামী লীগ নেতা ও গাইবান্ধা-৩ আসনের সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতির ভাগিনা বলে পরিচিত। স্থানীয়রা জানান, গোলাপ মিয়া দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সকালে হোটেল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের ছেলে অসীম প্রতিদিনের মতো হোটেলে কাজ করছিলেন। গোলাপ মিয়া হোটেলে এসে নাস্তা করেন এবং বিল না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। অসীম তাকে বিল ও আগের বাকি টাকা পরিশোধের কথা বললে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে গোলাপ তার কোমর থেকে পিস্তল বের করে অসীমকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়েন। অসীম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন হোটেলের নারী কর্মচারী সেলিনা বেগম। তখন গোলাপ তাকেও লক্ষ্য করে গুলি চালান। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে গোলাপ পালিয়ে যান। আহত দুজনকে স্থানীয়রা গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ উর রহমান জানান, সেলিনার উরুর মাংস দিয়ে গুলি ঢুকে বের হয়ে গেছে। অসীমের অন্ডকোষের নিচে উরুর ভেতরের অংশে গুলি ঘষে গেছে, যার ফলে তার চামড়া থেঁতলে গেছে। তবে দুজনই বর্তমানে স্থিতিশীল।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘গোলাপকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার সময় তিনি পিস্তল, বন্দুক নাকি অন্য কোনো অস্ত্র ব্যবহার করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তার রাজনৈতিক সম্পৃক্ততা ও পদ-পদবি সম্পর্কেও তদন্ত চলছে।’
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা গোলাপ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।