সাভারে জুলাই গণঅভ্যুত্থান দমনের সময় নিষ্ঠুর ভূমিকা পালনকারীদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ। বিসিএস ৩৫ ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তিনি গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রাজাপুরে যোগদান করেন।
সাভারের সংবাদকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, জুলাই বিপ্লব দমনে পুলিশের আগ্রাসী ভূমিকায় নেতৃত্ব দিয়েছিলেন রাহুল চন্দ। তিনি স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে পুলিশের সঙ্গে মাঠে আন্দোলন দমনে সক্রিয় অংশ নিতে দেখা গেছে।
গত ৫ আগস্ট ২০২৪ সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে রাহুল চন্দের নির্দেশে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। এই গুলিতে সাভার ডেইরি ফার্ম স্কুলের দশম শ্রেণির ছাত্র আলিফ আহমেদ সিয়ামসহ অনেকে নিহত হন। এ ঘটনায় গত ৬ জুন সাভার থানায় সিয়ামের বাবা বুলবুল কবির বাদী হয়ে ৩২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১ নম্বর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খানকে ২ নম্বর, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ৩ নম্বর, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে ৪ নম্বর এবং রাহুল চন্দকে ৫ নম্বর আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ৫ আগস্ট ২০২৪ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে ঢাকামুখী লংমার্চে সিয়ামসহ স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। মিছিলটি সাভার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে পুলিশ নির্বিচারে গুলি চালায়। এতে সিয়াম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান। পরে তাকে বাগেরহাটে দাফন করা হয়।
বুলবুল কবির বলেন, “এ ঘটনায় আমি শোকাহত ছিলাম, তাই মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, গুলির নির্দেশদাতা রাহুল চন্দকে পুলিশ এখনো গ্রেফতার করেনি। তিনি এখন রাজাপুরে বহাল তবিয়তে চাকরি করছেন। আমি তার গ্রেফতারের দাবি জানাচ্ছি।”
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, “মামলার বিষয়টি তদন্তাধীন। এ বিষয়ে কোনো মন্তব্য করব না।”
রাহুল চন্দ বলেন, “বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। এ বিষয়ে বলার কিছু নেই।” এই বলে তিনি ফোন কেটে দেন। ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “এটা সরকারের বিষয়। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।”