শুক্রবার গুমের শিকারদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় মানবাধিকার সংগঠন অধিকার-এর সিনিয়র রিসার্চার তাকসিম তাহমিনা বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সাবেক সরকার কর্তৃত্ববাদী শাসন কায়েম করে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তিনি বলেন, ওই সময় বিরোধীদের আটক করে নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। সভায় তিনি গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে র্যাব বিলুপ্তিসহ ১০ দফা সুপারিশ উত্থাপন করেন।
সুপারিশগুলো হলো:
সব গুমের ঘটনায় স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত।
নিখোঁজদের সন্ধানে জাতীয় কৌশল ও নীতিমালা প্রণয়ন।
ফিরে আসা ব্যক্তিদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার।
‘Certificate of Absence’ প্রদান ও ক্ষতিপূরণ নিশ্চিতকরণ।
সাক্ষী ও ভুক্তভোগীদের সুরক্ষায় আইন প্রণয়ন।
সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ বাতিল বা সংশোধন।
র্যাব বিলুপ্তি।
গুমের প্রমাণ নষ্টকারীদের বিচারের আওতায় আনা।
দ্রুত ও ন্যায্য বিচার প্রক্রিয়া নিশ্চিতকরণ।
জাতিসংঘের ওঈচচঊউ বাস্তবায়ন ও ফরেনসিক সক্ষমতা বৃদ্ধি।
অধিকারের প্রেসিডেন্ট ড. তাসনিম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস, আইসিটি ট্রাইব্যুনালের প্রসিকিউটার এসএম তাসমিরুল ইসলাম, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাপ্তাহিক জনযুগের সম্পাদক ফয়জুল হাকিম প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তাসকিন ফাহমিনা। উপস্থিত ছিলেন গুমের শিকার রহমত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরী, অ্যাডভোকেট সুহেল রানা, গুম হওয়া এক ব্যক্তির স্ত্রী আমিনা আক্তার, চাচা আবদুল হাই, ছেলে শাওন হাওলাদারসহ অনেকে।
মূল প্রবন্ধে বলা হয়, ২০২৫ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত গুম তদন্ত কমিশনে বিপুলসংখ্যক অভিযোগ জমা পড়ে। কমিশনের প্রতিবেদনে ‘তিন স্তরের পিরামিড’ পদ্ধতির মাধ্যমে গুমের নকশা বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়। এতে শীর্ষ পর্যায়ে তৎকালীন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উঠে আসে। এছাড়া বাংলাদেশ-ভারতের গোয়েন্দা সংস্থার গোপন বন্দি বিনিময় কর্মসূচির মাধ্যমেও বহু ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
প্রবন্ধে আরও বলা হয়, বর্তমানে নতুন করে গুমের ঘটনা না ঘটলেও বিচার প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা না গড়ে উঠলে ভবিষ্যতে গুমের ঘটনা আবার ঘটতে পারে। মানবাধিকার সংগঠন অধিকার মনে করে, দীর্ঘ সময় ধরে গুম ও বিচারবহির্ভূত হত্যার বিচার না হওয়া এবং দোষীদের দায়মুক্তির কারণে রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা কমে যাচ্ছে। অনুষ্ঠান শেষে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন অতিথি, গুমের শিকার ব্যক্তি ও তাদের স্বজনরা।