Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

মতলব উত্তরে এক বছরে ১৪ হত্যাকাণ্ড: পারিবারিক কলহ ও অবৈধ বালু উত্তোলন মূল কারণ

 চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত এক বছরে (১ আগস্ট ২০২৪ থেকে ১৪ আগস্ট ২০২৫) ১৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের বেশিরভাগই ঘটেছে পারিবারিক কলহ, পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব, পারিবারিক শাসনের অবক্ষয় এবং মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের কারণে। স্থানীয় সচেতন মহল মনে করেন, কেবল পুলিশি তৎপরতার ঘাটতি নয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের ভাঙনই এসব হত্যাকাণ্ডের মূল কারণ।

মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত এক বছরে হত্যাকাণ্ডের পরিসংখ্যান নিম্নরূপ: সম্পত্তি সংক্রান্ত হত্যা ৩টি, পূর্ব পরিকল্পিত হত্যা ৩টি, পূর্বশত্রুতা থেকে হত্যা ৩টি, পারিবারিক কলহে হত্যা ২টি, আধিপত্য বিস্তার সংক্রান্ত হত্যা ২টি, এবং আকস্মিক আঘাতে হত্যা ১টি। এ ছাড়া, সড়ক দুর্ঘটনায় ১টি, আত্মহত্যার প্ররোচনায় ৫টি, নারী ও শিশু নির্যাতন আইনে ৮টি, ধর্ষণ আইনে ৪টি, এবং অপমৃত্যুর ৪৬টি মামলা রেকর্ড হয়েছে। অপমৃত্যুর মধ্যে ফাঁসি দিয়ে ১০টি, পানিতে ডুবে ১৪টি, বিষপানে ৯টি, বিদ্যুৎস্পর্শে ৬টি, সড়ক দুর্ঘটনায় ৫টি, গাছের আঘাতে ১টি, এবং আগুনে পুড়ে ১টি মামলা রয়েছে।

এই পরিসংখ্যান মতলব উত্তরে একটি উদ্বেগজনক সামাজিক বাস্তবতার চিত্র তুলে ধরছে। অবৈধ বালু উত্তোলন, পারিবারিক অশান্তি, জমি-সম্পত্তির দ্বন্দ্ব এবং ছোটখাটো বিরোধ দ্রুত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সমন্বিত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে এই ধারা থামানো কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত এক বছরের উল্লেখযোগ্য হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে:

  • ১৩ আগস্ট ২০২৫: এখলাছপুরে অটোরিকশা চালক মিজানুর রহমান অভিকে গুলি ও কুপিয়ে হত্যা।

  • ১১ জুলাই ২০২৫: সাদুল্ল্যাপুর ইউনিয়নে ঘটক হাবিব উল্লাহকে শ্বাসরোধে হত্যা।

  • ৪-৫ জুলাই ২০২৫: কলাকান্দা ইউনিয়নে ফরহাদ জুয়েলের মরদেহ মেঘনা নদীতে উদ্ধার, মাথা ও পিঠে আঘাতের চিহ্ন।

  • ৩০ জুলাই ২০২৫: দুর্গাপুর ইউনিয়নে কিস্তি নিয়ে বিরোধে ভাতিজা মাইনুদ্দিন সরকারকে চাচার হাতে খুন।

  • ৩০ জানুয়ারি ২০২৫: মোহনপুর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন বিরোধে গোলাগুলিতে রিফাত ও রাসেল নিহত।

  • ৫ জানুয়ারি ২০২৫: কালীরবাজার এলাকায় ধনাগোদা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার।

  • ৫ নভেম্বর ২০২৪: সুলতানাবাদ ইউনিয়নে ধানের চারা নিয়ে বিরোধে কৃষক কবির সরকার নিহত।

  • ৭ ডিসেম্বর ২০২৪: সাদুল্ল্যাপুর ইউনিয়নে পানি নিষ্কাশনের নালা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর আংশিক পোড়া লাশ উদ্ধার।

  • ২৪ অক্টোবর ২০২৪: ফতেপুর পশ্চিম ইউনিয়নে স্ত্রী ফেরদৌসী আক্তার আন্নাকে হত্যা করে স্বামী ইয়াসিন।

  • ১৬ অক্টোবর ২০২৪: ফতেপুর পূর্ব ইউনিয়নে জমি নিয়ে বিরোধে ছেলে নোমান বাবাকে ছুরি মেরে হত্যা।

  • ২৮ সেপ্টেম্বর ২০২৪: দুর্গাপুর ইউনিয়নে সম্পত্তি বিরোধে আপন ভাই সফিকুল ইসলামকে পিটিয়ে হত্যা।

  • ২১ সেপ্টেম্বর ২০২৪: ফতেপুর পশ্চিম ইউনিয়নে ছেলের হাতে মা শেফালী বেগম খুন।

  • ৩ সেপ্টেম্বর ২০২৪: ফতেপুর পশ্চিম ইউনিয়নে অটোরিকশা চালক খবির প্রধানকে পরিকল্পিতভাবে হত্যা।

  • ২৭ আগস্ট ২০২৪: বাগানবাড়ি ইউনিয়নে সীমানা বিরোধে সংঘর্ষে জহির নিহত।

এ ছাড়া, নৌ ডাকাত বাবলার গুলিতে মৃত্যু, উজ্জল মিজি ও বিএনপি নেতা সলিমউল্লাহ লাভলুর হত্যাকাণ্ড এবং ১৯৯৭ সালে ছেংগারচর পৌরসভার জোড়খালী গ্রামে জায়গা-জমির বিরোধে একই পরিবারের ৭ জনের হত্যাকাণ্ড স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নাউরি আহমাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম তাইজুল ইসলাম বলেন, “একসময় গ্রামীণ সালিশি ব্যবস্থার প্রতি মানুষের গভীর আস্থা ছিল। কিন্তু অর্থনৈতিক সুবিধা নেওয়ার প্রবণতা ও পক্ষপাতিত্বের কারণে এই আস্থা নষ্ট হয়েছে। ফলে ছোট বিরোধও ভয়াবহ আকার নিচ্ছে।”

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক বলেন, “এ হত্যাকাণ্ডগুলো অনেকটাই পারিবারিক কারণে ঘটেছে। তবে হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ডই। আমরা ইতোমধ্যে বেশিরভাগ আসামিকে আইনের আওতায় এনেছি। অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।”

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, “পারিবারিক মূল্যবোধের অবক্ষয়, পরস্পরের প্রতি সহনশীলতার অভাব এবং ক্রোধ নিয়ন্ত্রণে অক্ষমতাই গ্রামীণ এলাকায় হত্যাকাণ্ডের প্রধান কারণ। এ ধরনের ঘটনা রোধে পরিবার ও সমাজ উভয়কেই সচেতন হতে হবে।”