Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

আন্তর্জাতিক রোহিঙ্গা গণহত্যা দিবসে মার্চ ফর রোহিঙ্গার ডাক

 আগামীকাল সোমবার (২৫ আগস্ট ২০২৫) ‘আন্তর্জাতিক রোহিঙ্গা গণহত্যা দিবস’ উপলক্ষে ‘মার্চ ফর রোহিঙ্গা’ বা রোহিঙ্গা সংহতি দিবস পালনের ডাক দিয়েছে বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটস নামে একটি মানবাধিকার সংগঠন। এদিন বিকাল ৩টায় ঢাকার শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। সংগঠনটি বাংলাদেশসহ সারা বিশ্বে মজলুম রোহিঙ্গাদের পক্ষে এই দিবস পালনের আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটসের সংগঠক জিহাদী ইহসান এক বিবৃতিতে বলেন, “প্রতিনিয়ত রোহিঙ্গাদের আন্তর্জাতিক সংবাদের আড়ালে হত্যা করা হচ্ছে। গত বছর ২০২৪ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের নাফ নদীর তীরে ড্রোন আক্রমণের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠী ও শরণার্থী ক্যাম্পে হামলা চালানো হয়, যাতে প্রায় ২০০ মানুষ নিহত হয় বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। আমরা মজলুম রোহিঙ্গাদের পক্ষে বিশ্বব্যাপী কণ্ঠস্বর উত্তোলনের জন্য এই মার্চ ফর রোহিঙ্গার ডাক দিয়েছি।”

সংগঠনটির মুখপাত্র মো. শাহরিয়ার ফাহাদ বলেন, “২৫ আগস্ট ২০১৭ সালের ভোরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও উগ্র বৌদ্ধ মিলিশিয়ারা পরিকল্পিতভাবে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালায়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু হত্যার শিকার হয়, নারীদের ধর্ষণ করা হয়, গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় এবং খাদ্য ও পানির অবরোধসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘন সংঘটিত হয়। এই দিনে প্রায় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।” তিনি আরও বলেন, “জেনারেল নে উইনের সামরিক শাসন শুরুর পর থেকে রোহিঙ্গাদের পরিকল্পিতভাবে ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করা হয়। ১৯৭৮ সালে ‘অপারেশন নাগামিন (Dragon King)’ নামে অভিযানের মাধ্যমে প্রায় ২ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের আরাকানে ফিরিয়ে নেন। ১৯৮২ সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। নিজ জন্মভূমিতে তারা গণহত্যার শিকার হচ্ছে, দেশ থেকে বিতাড়িত হচ্ছে, অথচ বিশ্ব সম্প্রদায় নীরব। আমরা চাই, বিশ্বের সব মুক্তিকামী মানুষ রোহিঙ্গাদের স্বাধীনতার জন্য সরব হোক।”

সংগঠনটি দেশবাসীসহ সারা বিশ্বের মানুষ এবং সকল ছাত্রসংগঠনকে মার্চ ফর রোহিঙ্গায় অংশগ্রহণ এবং রোহিঙ্গাদের স্বাধীনতা ও মুক্তির জন্য কণ্ঠস্বর উত্তোলনের আহ্বান জানিয়েছে। বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটস মূলত বাংলাদেশের শিক্ষার্থীদের একটি মানবাধিকার সংগঠন, যা রোহিঙ্গাদের ওপর জুলুমের বিরুদ্ধে কথা বলার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কাজী আহমেদ আল বাসীর, রুবায়েত রাফি, নিহাল মুহাম্মদ তাশফীন, আসিফ প্রমুখ।