Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজি চালকের মরদেহ উদ্ধার, রক্তমাখা অটোরিকশা জব্দ

 নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আদমপুত্র-দুল্লিবৈরাটি সড়কের বড়বিল এলাকার একটি ব্রিজের পাশ থেকে নুরুজ্জামান ওরফে জামাল নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরুজ্জামান ওরফে জামাল কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মগল চাঁনের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা অটোরিকশাটি জব্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে মৎস্য শিকারিরা রাস্তার ওপর রক্তমাখা একটি সিএনজি দেখতে পেয়ে কেন্দুয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তাজুড়ে রক্তের দাগ দেখতে পায়। রক্তের দাগ অনুসরণ করে ব্রিজের পাশের পানি থেকে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে সিআইডি এসে আলামত সংগ্রহ এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নিহতের চাচা মকুল মিয়া জানান, “সকালে ঘুম থেকে উঠে ভাতিজার মৃত্যুর খবর পাই। মঙ্গলবার সকালে সে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল।”

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “স্থানীয়রা রক্তমাখা সিএনজি দেখে খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। রক্তের দাগ অনুসরণ করে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।” তিনি আরও জানান, মরদেহে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে।