বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে নতুন পর্যটন সম্ভাবনা হিসেবে আলোচনায় এসেছে উখিয়ার মনখালী গ্রাম। কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিতি পেয়েছে। সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর ইমরুল কাওসার ইমনের তৈরি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এই গ্রামে পর্যটকদের ভিড় বাড়ছে।
ইমন তার ভিডিওতে মনখালীর প্রাকৃতিক সৌন্দর্যকে সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করেন। ভিডিওটি কয়েক দিনের মধ্যেই স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে। স্থানীয় সংবাদমাধ্যম ও কনটেন্ট ক্রিয়েটররা এই স্থানকে ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ নামে প্রচার করছেন এবং নতুন নতুন ভিডিও তৈরি করছেন। স্থানীয়রা এমনকি একটি অস্থায়ী বোর্ডও টাঙিয়েছেন এই নামে। এরপর থেকে দর্শনার্থীদের আনাগোনা শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এই এলাকা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তারা বিশ্বাস করেন, মনখালীকে কেন্দ্র করে কক্সবাজারের পর্যটনশিল্প নতুনভাবে বিকশিত হতে পারে। ইমরুল কাওসার ইমন বলেন, “মনখালীর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার মনে হয়েছে, এটি কোনো অংশে সুইজারল্যান্ডের চেয়ে কম নয়। বাংলাদেশের পর্যটনশিল্পে নতুনভাবে কাজ করা দরকার। যথাযথ রক্ষণাবেক্ষণ, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ব্র্যান্ডিং করা গেলে মনখালী দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট হতে পারে।”
সাংবাদিক শফিকুল ইসলাম জিসান জানান, “মনখালীর প্রাকৃতিক সৌন্দর্য সবসময়ই পর্যটকদের আকর্ষণ করার মতো। কিন্তু এতদিন এটি প্রচারের অভাবে অজানা ছিল। অনেক পর্যটক পাটুয়াটেক সৈকত পর্যন্ত গিয়ে ফিরে আসেন, মনখালীর নামও শোনেননি। এখন ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ নামে পরিচিতি পাওয়ায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।”
উখিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন সিরাজী বলেন, “মনখালী একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। ইমনের ভিডিও এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। সরকারের নজর পেলে মনখালী কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটে পরিণত হতে পারে।”
গ্রামবাসীরাও এ নিয়ে উচ্ছ্বসিত। তারা আশা করছেন, সরকার ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে অবকাঠামো উন্নয়ন করা হলে মনখালী আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপ নিতে পারবে।
ইমরুল কাওসার ইমন দৈনিক ভোরের ডাক পত্রিকার সিনিয়র রিপোর্টার এবং রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।