প্রায় ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদের (জয়) বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, সজীব ওয়াজেদের নামে ৫৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৭৮ টাকার স্থাবর সম্পদ এবং ৬ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। ব্যয়সহ তাঁর মোট সম্পদের পরিমাণ ৬১ কোটি ১৮ লাখ ৫ হাজার ৮৬৯ টাকা। এর বিপরীতে তাঁর গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে মাত্র ১ কোটি ৩২ লাখ ৮ হাজার ৫৪২ টাকা। ফলে অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা।
অভিযোগে বলা হয়, দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে সজীব ওয়াজেদ অসৎ উপায়ে এই সম্পদ অর্জন করেছেন। তিনি হুন্ডি বা অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি ক্রয় ও বিনিয়োগে ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা ব্যয় করেছেন। এছাড়া, তাঁর নামে দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৫৭ টাকার লেনদেনসহ মোট ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।