প্রথমবারের মতো বাংলাদেশের চারটি এলাকাকে ‘অতি উচ্চ পানি সংকটাপন্ন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া হাওর সুরক্ষার জন্য ‘হাওর প্রতিবেশ সুরক্ষা আদেশ’-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে ঢাকার গ্রিন রোডের ওয়ারপো ভবনে জাতীয় পানিসম্পদ পরিষদের নির্বাহী কমিটির ১৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় শিল্প খাতে পানি ব্যবহার নিয়ন্ত্রণে ‘পানি ব্যবস্থাপনা নীতি ২০২৫’-এর খসড়াও চূড়ান্ত করা হয়।
সভায় জানানো হয়, বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর ধারা ১৭ ও ১৯-এর আলোকে বিস্তারিত জরিপের পর উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ২৫টি উপজেলার ২১৫টি ইউনিয়নের মধ্যে ৪৭টি ইউনিয়নকে অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। একইভাবে চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে তিনটি ইউনিয়ন এবং একটি পৌরসভাও এই তালিকায় অন্তর্ভুক্ত। এসব এলাকায় পানি ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে এবং খাবার পানি ও গৃহস্থালি কাজের জন্য পানি সরবরাহ নিশ্চিত করতে একটি কমিটি আগামী এক মাসের মধ্যে করণীয় নির্ধারণ করবে।
সভায় নোয়াখালীর সুবর্ণচরে পানির প্রাপ্যতা যাচাইয়ে সমীক্ষা চালানোর সুপারিশ করা হয়। এছাড়া, ৫০টি জেলায় চলমান ভূগর্ভস্থ পানির প্রাপ্যতা যাচাইয়ের কার্যক্রম বাকি ১৪টি জেলায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র সংরক্ষণে প্রথমবারের মতো ‘হাওর প্রতিবেশ সুরক্ষা আদেশ’ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। এই আদেশের আওতায় হাওরে পর্যটন নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও বনায়ন খাতে করণীয় নির্ধারণ করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সংস্থা প্রধানরা।