নেত্রকোনার আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমার বিরুদ্ধে পুলিশের কাছ থেকে লাঠি কেড়ে নিয়ে দুর্জয় (১৭) নামে এক তরুণকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গত রোববার এ ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান কবীর বাদী হয়ে ইউএনওর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। এর আগে গত বৃহস্পতিবার তিনি জেলা প্রশাসকের কাছে মামলার অনুমতি চেয়েছিলেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী মিজানুর রহমান।
ভুক্তভোগী দুর্জয় মিয়া আটপাড়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে এবং পেশায় দিনমজুর। বাদী রায়হান কবীর মোবারকপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় সূত্র, ইউএনওর কার্যালয় এবং মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৪ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে বানিয়াজান ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ইউনিয়নের ২,০৩৭ জন উপকারভোগীর মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় চাল পাচারের খবর পেয়ে ইউএনও রুয়েল সাংমা ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগ, তিনি পুলিশের কাছ থেকে লাঠি নিয়ে দুর্জয়কে মারধর করেন।
রায়হান কবীর বলেন, “ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। ইউএনও দুপুরে পরিষদে এসে পুলিশের কাছ থেকে লাঠি নিয়ে দুর্জয়কে মারধর করেন।”
ভুক্তভোগী দুর্জয় মিয়া বলেন, “সেদিন সাড়ে ১২টার দিকে আমি মাকে নিয়ে ভিজিএফের চাল আনতে গিয়েছিলাম। লোকজনের ধাক্কাধাক্কিতে বাঁশের বেড়া খুলে গেলে আমি সামনে পড়ে যাই। তখন ইউএনও আমাকে মারধর করেন এবং বিকেল ৪টা পর্যন্ত আটকে রাখা হয়।”
তবে ইউএনও রুয়েল সাংমা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কাউকে মারধর করিনি। এটা আমার বিরুদ্ধে বিভিন্ন মহলের চক্রান্ত। ঈদের সময় কিছু উচ্ছৃঙ্খল জনতা ভিজিএফের মালামাল লুট করছিল। আমি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের ধরেছি। তারা আমার সঙ্গে উদ্ধত আচরণ করেছিল। তবে আমি কাউকে মারধর করিনি।”
জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ জানান, গত রোববার এ বিষয়ে একটি ফাইল তাঁর কার্যালয়ে এসেছে এবং তদন্ত চলছে।