Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের চর থেকে ১০ ফুট দীর্ঘ অজগর উদ্ধার

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের ফকিরের চর এলাকা থেকে ১০ ফুট দীর্ঘ এবং ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে বন বিভাগের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে আহত সাপটিকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকিরের চর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ফকিরের চর এলাকার বাসিন্দা আমজাদ আলী ব্রহ্মপুত্র নদে নিষিদ্ধ চায়না ডারকি জাল ফেলেন। এ সময় মাছ ধরতে গিয়ে একটি অজগর সাপ জালে আটকে পড়ে। পরে জাল তুলতে গিয়ে আমজাদ আলী সাপটিকে উদ্ধার করেন। বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতা সাপটি দেখতে ভিড় জমায়।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী বলেন, “সাপটি দেখেছি। পরে বন বিভাগের কুড়িগ্রাম কার্যালয়ের প্রতিনিধিরা এসে সাপটি নিয়ে যান।”

ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশ (WSRTBD)-এর প্রতিনিধি নাঈম ইসলাম জানান, “সাপটির মাথায় আঘাত লেগেছে। চিকিৎসার জন্য এটিকে রংপুরে পাঠানো হয়েছে।” তিনি আরও বলেন, “বার্মিজ পাইথন একটি নির্বিষ ও বিপন্ন প্রজাতির সাপ। এটি মানুষের কোনো ক্ষতি করে না। বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্ভাগ্যজনকভাবে, ভয় বা ভুল ধারণার কারণে অনেকে এই সাপকে মেরে ফেলে।”

উলিপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক জানান, “আহত সাপটি উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।”