Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসীদের গুলি, চাঁদার দাবির অভিযোগ

 চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে হাটহাজারী থানা ও জেলা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৫ দিন আগে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে জাহাঙ্গীর আলমকে ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। শুরুতে বিষয়টিকে গুরুত্ব না দিলেও আজকের গুলি বর্ষণের ঘটনায় তিনি মনে করছেন চাঁদাবাজদের বিরাগভাজন হওয়ার কারণেই তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুটি মোটরসাইকেলে করে ছয়জন অজ্ঞাতনামা যুবক জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে এসে থামে। এর মধ্যে চারজন অস্ত্রধারী সীমানাপ্রাচীর টপকে বাড়ির ভেতরে ঢুকে দোতলা ভবনের দিকে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সময় বাড়িটির প্রধান ফটক তালাবদ্ধ ছিল এবং ভেতরে কেউ ছিলেন না। স্থানীয়রা জানান, জাহাঙ্গীর আলম ও তাঁর পরিবার বর্তমানে চট্টগ্রাম নগরীতে বসবাস করেন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে বাড়ির দোতলার বারান্দার পাশে দুটি গুলির চিহ্ন, নিচ থেকে ৯টি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করে। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে মো. জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ব্যবসায়ীর কাছ থেকে জানা গেছে, ১৫ দিন আগে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাঁকে ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। তিনি সেটি গুরুত্ব দেননি। এখন তাঁর ধারণা, চাঁদা না দেওয়ার কারণেই এই হামলা চালানো হয়েছে।”

তিনি আরও বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ব্যবসায়ীকে থানায় গিয়ে মামলা করতে বলা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং স্থানীয়ভাবে অনুসন্ধান চালানো হচ্ছে।