Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলার অভিযোগ, বিএনপি নেতার নামে ফেসবুক লাইভে আকুতি

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় ডা. মোহাম্মদ ইকবাল নামে এক চিকিৎসকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে। হামলা থেকে বাঁচতে তিনি একটি ভবনের চারতলায় আশ্রয় নিয়ে ফেসবুক লাইভে এসে জীবন রক্ষার জন্য আকুতি জানান। হামলার জন্য তিনি স্থানীয় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে কয়েকজনকে অভিযুক্ত করেছেন।

ইকবালের পারিবারিক সূত্র জানায়, ডা. মোহাম্মদ ইকবাল রাহাত্তারপুল নুর বেগম জামে মসজিদের কাছে একটি বাড়ি নির্মাণ করছিলেন। এই নির্মাণ কাজে স্থানীয় কিছু বিএনপি নেতা ইট-বালু সরবরাহের প্রস্তাব দেন। ইকবাল এতে রাজি না হলে তারা চাঁদার দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার বিকালে হারুন নামে এক বিএনপি নেতার নেতৃত্বে কয়েকজন তাকে মারধর করেন। হামলা থেকে বাঁচতে তিনি একটি ভবনের চারতলার একটি কক্ষে আশ্রয় নেন। সেখান থেকে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, “বিএনপির হারুনসহ সন্ত্রাসীরা আমার ওপর হামলা করেছে। তারা আমাকে মেরে ফেলার জন্য খুঁজছে। আমি ৯৯৯-এ কল দিয়েছি, কিন্তু পুলিশ এখনো আসেনি। দয়া করে আমাকে বাঁচান।” লাইভে তার চোখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায় এবং তাকে অত্যন্ত আতঙ্কিত ও ভীত অবস্থায় দেখা যায়।

রাত ৯টার দিকে ডা. ইকবাল চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যান। তিনি বর্তমানে ইবনে সিনা হাসপাতাল, চট্টগ্রামে কর্মরত।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন মঙ্গলবার রাত ১১টার দিকে জানান, ডা. ইকবাল যেখানে বাড়ি নির্মাণ করছেন, সেখানে প্রতিবেশীর সঙ্গে জায়গা নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জেরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিল। তবে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় অভিযোগকারীরা বাধা দিতে এসে হাতাহাতির ঘটনা ঘটে, যাতে ডা. ইকবাল আহত হন। ফেসবুক লাইভে বাঁচানোর আকুতির খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। ওসি জানান, পুলিশ জোর করে দরজা খুলে তাকে উদ্ধার করেছে। হারুন নামে যিনি অভিযুক্ত, তিনি একজন মহল্লা সরদার। রাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। ভুক্তভোগী অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।