Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

ডা. ঈশিতার বিরুদ্ধে বিচার চলবে: রিভিশন আবেদন নামঞ্জুর

অসৎ উদ্দেশে সরকারি কর্মচারীদের পোশাক পরার অভিযোগে রাজধানীর শাহআলী থানায় দায়ের করা মামলায় চিকিৎসক ইশরাত রফিক ওরফে ডা. ঈশিতার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলবে বলে আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালত চার্জগঠনের বিরুদ্ধে দায়ের করা রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন। এর ফলে বিচারিক আদালতে মামলাটির কার্যক্রম অব্যাহত থাকবে।

শুনানির সময় ডা. ঈশিতা আদালতে উপস্থিত ছিলেন। আসামি পক্ষের আইনজীবী শেখ কানিজ ফাতেমা এ তথ্য নিশ্চিত করে বলেন, “ম্যাজিস্ট্রেট আদালতে চার্জগঠনের বিরুদ্ধে আমরা দায়রা আদালতে রিভিশন দায়ের করেছিলাম। শুনানি শেষে আদালত রিভিশন নামঞ্জুর করে বিচার চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন।” তিনি জানান, মামলাটি বর্তমানে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ আগস্ট মিরপুর থেকে র‌্যাব ডা. ঈশিতাকে গ্রেফতার করে। পরদিন ২ আগস্ট ভুয়া পরিচয়, মাদক ব্যবসা, সার্টিফিকেট জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইন ও প্রতারণা আইনে শাহআলী থানায় তিনটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারের ১৪ মাস পর ২০২২ সালের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান।

গত ৩ মার্চ শাহআলী থানায় মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ডা. ঈশিতাকে খালাস দেন। এছাড়া, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে এক বছরের কারাদণ্ড দেন সাইবার ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০২৩ সালের ২২ নভেম্বর হাইকোর্টে আপিল করা হয়। গত বছরের ২৯ মে হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ ওই আপিলের শুনানি শেষে তাকে খালাস দেন।