Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

পটুয়াখালীর কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে লোকমান সরদার (৩২) নামে এক দর্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত লোকমান পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। তিনি পাখিমারা বাজারে দর্জির দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, আত্মহত্যার আগে লোকমান একটি নোটপ্যাডে চিরকুট লিখে রেখে গেছেন। চিরকুটে তিনি উল্লেখ করেছেন, তার স্ত্রী তাকে ভালোবাসেন না এবং টাকার অভাবে সংসারে অশান্তি লেগেই থাকত। এমনকি স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এই মানসিক যন্ত্রণার কারণেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে চিরকুটে লিখেছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”