Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

গুলশানে চাঁদাবাজি: জানে আলম অপুর ভিডিওতে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কথোপকথনের দাবি

 গুলশানে সাবেক এমপি শাম্মি আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার জানে আলম অপু দাবি করেছেন, অভিযানের আগে তিনি উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কথা বলেছিলেন। সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে তাকে এসব কথা বলতে শোনা যায়।

ভিডিওতে অপু বলেন, “গুলশানে চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেকে দেখেছেন, সেটা আমি। যে সমন্বয়ক গত বছর ছিল মহানায়ক, তারা এখন চাঁদাবাজ বলে অভিযুক্ত।” তিনি প্রশ্ন তুলে বলেন, “আপনারা কি জানেন, ওইদিন ভোর ৫টায় গুলশানের ডিসি-এসিকে অবগত করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অফিসিয়াল প্রক্রিয়ায় আমরা শাম্মির বাসায় অভিযান চালাই? অভিযানের আগে গুলশানের একটি জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয়।”

তিনি আরও বলেন, “ভোরের অভিযানের তথ্য কেন প্রকাশ করা হচ্ছে না? আমরা জানতে পারি শাম্মি সেখানে ছিলেন, কিন্তু তথ্য পেয়ে তিনি পালিয়ে যান। যে আড়াই মিনিটের ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি ভিলেন বানানো হলো, তাদের কাছে চ্যালেঞ্জ—সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করুন। দেখি কে ফোন করছিল, কার ফোনে শাম্মি বাসা থেকে বেরিয়েছেন।”

অপু জানান, পরের দিন রিয়াদ তাকে ফোন করে বাসায় ডাকেন। রিয়াদ তাকে বলেন, “তার স্বামী এখনও বাসায় আছেন। তাড়াতাড়ি আসুন।” অপু বলেন, “ইমার্জেন্সিতে গিয়ে রিয়াদ আমাকে ভিতরে নিয়ে যায় এবং বলে, উপর থেকে ডেকে পাঠিয়েছে।”

তিনি আরও বলেন, “ভিতরে গিয়ে বসার পর শাম্মির স্বামী এসে ৫ লাখ টাকা অফার করেন। তিনি বলেন, ‘তোমাদের ৫ লাখ দিচ্ছি, চা-পানি খাও। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমি সারা জীবন চাকরি করেছি, রাজনীতি করিনি। এই বয়সে এসে আমাদের হয়রানি করো না।’ তিনি জানতে চান, তাদের তথ্য কে দিয়েছে এবং আমরা কীভাবে জানলাম তারা সেখানে আছেন। এর বিনিময়ে তিনি ৫ লাখ টাকা দিতে রাজি হন এবং টাকা আনতে চলে যান।” এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। তবে অপুর দাবির সত্যতা যাচাইয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।