Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

চরএলাহী ঘাটের চাঁদাবাজি টাকা: প্রশাসন ও রাজনৈতিক নেতাদের দাবি নিয়ে বিস্ফোরক অডিও ভাইরাল!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ঘাটের চাঁদাবাজির টাকা জেলা-উপজেলা শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের পকেটে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে একটি বিস্ফোরক অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ‘টক অব নোয়াখালী’তে পরিণত হয়েছে। গত বুধবার থেকে এই বিষয়টি তীব্র আলোচনার কেন্দ্রে রয়েছে।

গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের আগে চরএলাহী ঘাটের নিয়ন্ত্রক ছিলেন চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক। বর্তমানে তিনি কারাগারে আছেন। নির্ভরযোগ্য সূত্র জানায়, ঘাটটি সরকারি বিধিমত ইজারা নিয়েছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক শেখ বেলাল। গণ-অভ্যুত্থানের পর ঘাটের নিয়ন্ত্রণ নেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদারের নেতৃত্বাধীন তার অনুসারীরা। এর ফলে বিএনপির দুপক্ষের আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত বেড়েছে।

এই সংঘাতে চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতা ও চরফকিরা ইউনিয়নের যুবদল নেতা এরশাদ মাঝি খুন হয়েছেন। এর পরও সংঘর্ষ, দাঙ্গা-হাঙ্গামা, ধর্ষণ, দখল ও লুটতরাজ অব্যাহত রয়েছে। গত শনি ও বুধবার চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, তার ভাই প্রবাসী বেলাল, ছাত্রদল নেতা ইমন, মাসুদসহ কয়েকজন ইব্রাহিম তোতা বাহিনীর হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভাইরাল অডিওতে নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক নেতা ইস্কান্দার মির্জা ও ঘাটের কেরানি সেলিমের কথোপকথনে জানা যায়, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, মৃত তোতা চেয়ারম্যানের ছেলে ইসমাইল তোতা, সবুজ তোতা, বাহাদুর তোতা, তোতা চেয়ারম্যানের জামাই আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা রুবায়ের, ফাহিমসহ ৬ নেতার প্রত্যেকের একটি করে বোট রয়েছে। চলাচলকারী বোটগুলোর আয়ের ২০ শতাংশ টাকা প্রতিদিন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টারের কাছে জমা হয়, যা পরে বিএনপির উপজেলা নেতা, জেলা নেতা, ইউএনও, ডিসি, ওসি-এসপিকে ভাগ করে দেওয়া হয়।

ইস্কান্দার মির্জা জানান, তিনি এ পর্যন্ত ১৪ লাখ টাকা চাঁদা দিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, সাইফুল, রুবায়ের, তোতার ছেলে শাহিন, ইব্রাহিমের বোট থাকলেও তাদের ২০ শতাংশ কমিশন দেওয়ার কথা নয় কেন? কেরানি সেলিম বলেন, সবাইকে দিতে হয়, তিনি মাস্টারকে দেন, আর তার পরে টাকা কার কাছে যায় তা তার জানার দরকার নেই।

অপর অডিওতে ইস্কান্দার মির্জা সাংবাদিক কামাল উদ্দিনের সঙ্গে কথা বলে বলেন, ইসমাইল তোতা ও ইব্রাহিম তোতা তার কাছ থেকে টাকা নিয়েছেন। তাদের জিজ্ঞাসায় তারা জানিয়েছে, এ টাকা নুরুল আলম সিকদার, জেলা প্রশাসন, ইউএনও, ওসিকে দেওয়া হয়। বোট চালাতে হলে এই কমিশন দেওয়া বাধ্যতামূলক। মির্জা আরও বলেন, প্রথমে তাদের ৩০ শতাংশ চেয়েছিল, বৈঠকের পর ২০ শতাংশে রাখা হয়েছে, তবে তাঁর বোট অনেকদিন বন্ধ ছিল।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, পুলিশ ঘাটের বিষয়ে কিছু জানে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুজাহিদুল ইসলাম ঘাটের অবস্থান ও মালিকানা দাবি করে উচ্চ আদালতে রিট করেছেন, ফলে ইজারা দেওয়া সম্ভব হচ্ছে না।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপির ‘জিরো টলারেন্স’ নীতি চালু রয়েছে।