Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

নরসিংদীতে হাসপাতাল থেকে একদিনের নবজাতক চুরি, সিসিটিভি ফুটেজে বোরকা পরা নারী

 নরসিংদীর পৌর এলাকার বাসাইলস্থ ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে একদিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। রোববার (১০ আগস্ট) দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে, যা এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।

নবজাতকের স্বজনরা অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও অব্যবস্থাপনার কারণেই এই ঘটনা ঘটেছে। তাদের দাবি, হাসপাতালে কে আসে, কে যায়, তার কোনো তদারকি করা হয় না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ঘটনাটি পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘটেছে এবং এতে তাদের কোনো গাফিলতি নেই।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনদের তথ্যমতে, শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবপুর উপজেলার বাড়ৈআলগি এলাকার সিএনজি চালক শরিফ মিয়ার স্ত্রী মিথিলা অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলেসন্তানের জন্ম দেন। রোববার দুপুরে শিশুর মা অচেতন অবস্থায় কেবিনে শুয়ে ছিলেন এবং পরিবারের সদস্যরা বাইরে ছিলেন। এই সুযোগে নবজাতকটি নিখোঁজ হয়। শিশুটির সন্ধানে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, বোরকা পরিহিত এক অপরিচিত নারী আঁচলের নিচে কিছু একটা নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে, তিনিই নবজাতকটি চুরি করে নিয়ে গেছেন।

নবজাতকের পিতা শরিফ মিয়া বলেন, “দুপুরে আমার স্ত্রী, আমি ও আমার শাশুড়ি কেবিনে ছিলাম। হঠাৎ একজন অপরিচিত নারী কেবিনে এসে আমাদের সঙ্গে কথা বলতে থাকে। আমার বড় সন্তান কান্নাকাটি করায় আমি তাকে নিয়ে বাইরে যাই। পরে শুনি আমার সন্তান নিখোঁজ। আমার শাশুড়ি জানান, তিনি ওয়াশরুমে যাওয়ার সময় ওই নারী শিশুটি নিয়ে পালিয়ে যায়। তখন আমার স্ত্রী অচেতন অবস্থায় ঘুমিয়ে ছিলেন।”

তিনি আরও বলেন, “একদিনের নবজাতককে কেউ হাসপাতাল থেকে বাইরে নিয়ে যাবে, আর হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই বলবে না, এটা কীভাবে সম্ভব? এটাই প্রমাণ করে চুরির সঙ্গে হাসপাতালের লোকজন জড়িত। যদি জড়িত না থাকত, তবে তারা জিজ্ঞাসা করত, শিশুটিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আর ওই নারী আমার স্ত্রীর নাম-পরিচয় কীভাবে জানল?”

হাসপাতালের প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান বলেন, “মিথিলার নাম নিয়ে একজন মহিলা স্বজন পরিচয়ে কেবিনে প্রবেশ করেন। তখন রোগীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এরপরই নবজাতকটি নিখোঁজ হয়। সিসিটিভি ফুটেজে বিষয়টি সম্পর্কে ধারণা পাওয়া যায়।”

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, “নবজাতক চুরির ঘটনায় হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নবজাতকটি উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে নবজাতকটি উদ্ধার করা হবে।”