Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার মামলা, হরতাল পালিত

 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সাবেক সভাপতি খোন্দকার মশিউল আজম ওরফে চুন্নুর বিরুদ্ধে ইতালিপ্রবাসী মাসুম শেখকে কুপিয়ে জখম ও ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলা সদর বাজারে অর্ধদিবস হরতাল পালিত হয়।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বালিয়াকান্দি বাজার বণিক সমিতি এই হরতালের ডাক দেয়। সংবাদ সম্মেলনের আগে বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা প্রধান সড়কগুলো ঘুরে চৌরাস্তা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা খোন্দকার মশিউল আজমকে বিএনপির একজন ত্যাগী নেতা হিসেবে উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তাঁর বিরুদ্ধে ৪৮টি ‘মিথ্যা’ মামলা দায়ের হয়েছিল। বর্তমানে ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা ও ভিত্তিহীন’ মামলা করা হয়েছে। এই মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

সমাবেশ শেষে বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক হরতালের ঘোষণা দেন। এ সময় সভাপতি ওসমান গণি মানিকসহ স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন।

এর আগে, সোমবার সকালে ইতালিপ্রবাসী মাসুম শেখের স্ত্রী পলি আক্তার বালিয়াকান্দি আমলি আদালতে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাসুম শেখকে কুপিয়ে জখম করা হয়। মামলায় আসামি করা হয়েছে খোন্দকার মশিউল আজম, তাঁর দুই ছেলে খোন্দকার শফিউল আলম, খোন্দকার শোভন আরেফিনসহ আরও পাঁচজনকে।

দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ‘বালিয়াকান্দি সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাসুম শেখ, তাঁর স্ত্রীসহ শতাধিক মানুষ অংশ নেন।

মাসুম শেখ অভিযোগ করেন, তিনি ১৮ বছর ধরে ইতালিতে বসবাস করছেন। গত ১৩ আগস্ট দেশে ফিরে ১৫ আগস্ট বাবার কবর জিয়ারতের পর ফেরার পথে শফিউল আজম ও তাঁর ছেলে শফিউল আলমসহ কয়েকজন তাঁকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁকে ধারালো অস্ত্র, হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। তিনি আরও বলেন, “তারা আওয়ামী লীগ সমর্থকের মিথ্যা অভিযোগে আমাকে পুলিশের কাছে সোপর্দ করে। গণমাধ্যমে খবর প্রকাশিত হলে পুলিশ আমাকে ছেড়ে দেয়।”

মাসুমের স্ত্রী পলি আক্তার বলেন, “আমি বালিয়াকান্দি উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকরি করতাম। মশিউল আজমের ছেলে শফিউল আলম আমাকে প্রায়ই উত্ত্যক্ত করত। ২০১৯ সালে মামলা করলে সে কয়েক মাস জেল খাটে। এরপর আমাকে বদলি হয়ে ফরিদপুর যেতে হয়।”