Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। আহত ইমন (২০) বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। নিহত ও আহত সবাই সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, নিহতরা কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সার্ভিস লেনে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আওলাদ ও হাবিল মারা যান। আহত কাইয়ুম ও ইমনকে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও আহতকে হাসপাতালে পাঠান।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাইম ছিদ্দিকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।

এর আগে, একই দিন সকালে শ্রীনগরের ষোলঘর এলাকায় এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উলটে আরও তিনজন নিহত হন। এক দিনে পৃথক দুটি ঘটনায় মোট ছয়জনের প্রাণহানি ঘটে।