গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর কোতোয়ালি থানার বিল মামুদপুর গ্রামের ফয়সাল শেখ (২২), গোয়ালন্দ উপজেলার দরাপের ডাঙ্গী গ্রামের রাকিব মোল্লা (২১) এবং উজানচর গণি শেখের পাড়ার সজীব মোল্লা (২৪)। শুক্রবার বিকেলে তাঁদের ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজবাড়ী জেলা আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী তরুণী ফরিদপুরের একটি সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, এবং তাঁর আগামী রোববার পরীক্ষা রয়েছে। কিশোরী ফরিদপুর শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করেন। তাঁরা সম্পর্কে খালা ও ভাগ্নি।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ফয়সাল শেখ তরুণীকে কলেজে যাতায়াতের সময় প্রায়ই উত্ত্যক্ত করতেন। কয়েক মাস আগে তরুণীর বাবা ফয়সালের বাবার কাছে বিচার দিয়েছিলেন, যা ফয়সালকে আরও ক্ষিপ্ত করে তোলে। ফয়সাল পরে অন্যত্র বিয়ে করলেও তরুণীর সঙ্গে মাঝেমধ্যে ফোনে যোগাযোগ করতেন। তিনি গোয়ালন্দের গোধূলি পার্কের কাছে একটি ফার্নিচারের দোকানে কাজ করেন।
মামলার এজাহার অনুযায়ী, মঙ্গলবার দুপুরে ফয়সাল তরুণীকে ফোন করে গোধূলি পার্কে বেড়াতে আসার প্রস্তাব দেন। তরুণী তাঁর ভাগ্নি ও এক বন্ধু সোহানকে নিয়ে বিকেলে পার্কে আসেন। সন্ধ্যার দিকে চার থেকে পাঁচজন অজ্ঞাত তরুণ তাঁদের পার্কের ভেতর একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোন ও পাঁচ হাজার টাকা কেড়ে নেওয়া হয়। সন্ধ্যার পর ফয়সাল তাঁদের এগিয়ে দেওয়ার কথা বলে কৌশলে দেরি করান। রাত ৯টার দিকে তিনি তাঁদের উজানচর রিয়াজ উদ্দিনপাড়ার একটি কাঁচা রাস্তায় নিয়ে যান, যেখানে ফয়সালের সহযোগিতায় পাঁচ থেকে ছয়জন তরুণী ও কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা রায়হান মোল্লা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুই মেয়ে কান্নাকাটি করতে করতে প্রায় বিবস্ত্র অবস্থায় তাঁর বাড়িতে আশ্রয় নেন। তাঁদের কাছ থেকে ঘটনা জানার পর তরুণীর বাবাকে খবর দেওয়া হয়। তিনি দিবাগত রাত ১২টার দিকে এসে তাঁদের নিয়ে যান।
বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজন ফয়সাল, রাকিব ও সজীবকে ধরে মারপিট করে পুলিশের হাতে তুলে দেন। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের জবানবন্দি ও শনিবার তাঁদের ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।