পুলিশ জানিয়েছে, কয়েক দিন ধরে জেনেভা ক্যাম্পে খুচরা মাদক বিক্রি নিয়ে ‘পিচ্চি রাজা’ ও ‘বুনিয়া সোহেল’ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে সোমবার সকালে সংঘর্ষে শাহ আলম নিহত হন। নিহত ব্যক্তি ‘বুনিয়া সোহেল’ গ্রুপের অনুসারী ছিলেন।
ক্যাম্পের বাসিন্দারা জানান, সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে রোববার রাতেও ককটেল বিস্ফোরণে এক নারী আহত হন। বাসিন্দাদের ভাষ্য, পুলিশ ও সেনাবাহিনী এলে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, তারা চলে যাওয়ার পর সংঘাত আবার শুরু হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, “মাদক বিক্রি ও ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘পিচ্চি রাজা’ ও ‘বুনিয়া সোহেল’ গ্রুপের দ্বন্দ্বের জেরে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
পুলিশ আরও জানায়, ২০২৪ সালে রাজনৈতিক অস্থিরতার সময় জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে একাধিক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছিল। তখন সাঁড়াশি অভিযানে অনেককে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি জামিনে মুক্ত হওয়া মাদক কারবারিরা আবারও মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার রাতে পাক্কা ক্যাম্পে চুয়া সেলিমের আস্তানার সামনে একটি বিয়ের অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণে দুজন আহত হন। তাঁদের দাবি, বুনিয়া সোহেল নিজেই ঘটনাস্থলে ককটেল ফাটিয়ে চলে যান। এরপর থেকে ক্যাম্পের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিস্ফোরণ ও সহিংসতা চলছে।