Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

চাঞ্চল্যকর মাহিন হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে কিশোর রিহান মাহিন (১৪) হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একটি আত্মীয়ের বাড়ি থেকে মো. তাজুল ইসলাম (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক তাজুল ইসলাম কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাঞ্চননগর গ্রামের মৃত বদিউল আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গ্রেপ্তার হওয়া তিন আসামি আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাজুল ইসলামের নাম উল্লেখ করে। এরপর পুলিশের একাধিক অভিযানে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন, “মাহিন হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে। এরই অংশ হিসেবে তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার সম্পৃক্ততার তথ্য আগে গ্রেপ্তার হওয়া আসামিদের জবানবন্দিতে উঠে এসেছে এবং তদন্তেও সেটি প্রমাণিত হয়েছে।”

তিনি আরও জানান, মাহিন হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট ভোরে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ‘চোর সন্দেহে’ স্থানীয়দের গঠিত একটি মব ১৪ বছরের কিশোর রিহান মাহিনকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় গুরুতর আহত হয় আরও দুই কিশোর, যারা এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছে।

ঘটনার পর দিন রাতে নিহত মাহিনের মা খদিজা বেগম বাদী হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় নাজিম উদ্দিনকে প্রধান আসামি করে মো. নোমান, মো. আজাদ হোসেন, মো. তৈয়ব ও মহিউদ্দীনসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।