সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পিঁপড়াকান্দা গ্রামের কাছে শালদিঘা হাওরে ট্রলারডুবির ঘটনায় চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার (১৮ আগস্ট) রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশু আয়ান মিয়া (৪) পাশের জামালগঞ্জ উপজেলার আছানপুর গ্রামের সামায়ূন কবীরের ছেলে। মধ্যনগর থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সামায়ূন কবীর সোমবার সন্ধ্যায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার কামালপুর গ্রামে এক আত্মীয়ের মৃত্যুর খবর পান। জানাজায় অংশ নিতে তিনি পরিবার ও আত্মীয়স্বজনসহ ১৬ জনকে নিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলারে রওনা হন। রাত সোয়া নয়টার দিকে ট্রলারটি শালদিঘা হাওরের পশ্চিমপাশের তীরের কাছাকাছি পৌঁছালে পানির প্রবল স্রোতের কারণে ডুবে যায়।
ট্রলারে থাকা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। সামায়ূন কবীর তাঁর ছেলে আয়ানকে নিয়ে সাঁতার কেটে তীরের দিকে আসেন, কিন্তু তীরে পৌঁছানোর আগেই আয়ান অচেতন হয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, “শালদিঘা হাওরে পানির প্রবল স্রোতে ট্রলারডুবির ঘটনায় চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। কারও কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”