Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

ভূরুঙ্গামারীতে অটোরিকশা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে প্রতিবেশীর নতুন অটোরিকশা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জরিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। নিহত জরিনা ওই গ্রামের সফর উদ্দিনের স্ত্রী।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান জানান, জরিনা বেগমের প্রতিবেশী আরিফুল ইসলাম শুক্রবার রাতে একটি নতুন অটোরিকশা কিনে আনেন। রাতেই তিনি অটোরিকশাটি বৈদ্যুতিক লাইনে চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে জরিনা বেগম অটোরিকশাটি দেখতে গিয়ে তাতে হাত দেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।