সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান প্রথম আলোকে জানান, লিবিয়ার রাজধানী ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের আউটপাসে ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। তারা সকাল ৬টা ৩১ মিনিটে একটি চার্টার্ড উড়োজাহাজে ঢাকায় পৌঁছান। যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তথ্য নেওয়ার সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে মানব পাচার মামলার আসামি সাখাওয়াত হোসেনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাখাওয়াতের বাড়ি ফেনী সদর উপজেলার মধুয়াই গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে লিবিয়ায় একটি মাফিয়া সিন্ডিকেট পরিচালনায় জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, প্রায় ৪০০ থেকে ৫০০ বাংলাদেশিকে চারটি নৌকায় করে অবৈধভাবে ইতালিতে পাঠিয়ে বিপুল অর্থ আদায় করেছেন। তাঁর বিরুদ্ধে ২০২৫ সালের ১৭ মার্চ ঢাকার বিমানবন্দর থানায় এবং ৪ মার্চ কিশোরগঞ্জ সদর থানায় মানব পাচার আইনে মামলা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জিজ্ঞাসাবাদে সাখাওয়াত আরও কয়েকজন পাচারকারীর তথ্য দিয়েছেন, যার মধ্যে রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেলপার মোহাম্মদ শওকত আলী (৪৭) এবং অজ্ঞাতপরিচয় চার থেকে পাঁচজন। তারা উন্নত জীবনের প্রলোভনে মানুষ পাচার, আটক ও মুক্তিপণ আদায়ে সক্রিয় ছিলেন।