চট্টগ্রামের সিটি গেট এলাকায় সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনাটি ঘটে আকবর শাহ এলাকায়, যখন চট্টগ্রামের দিকে আসা একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় এবং আরও পাঁচজন আহত হন। আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজনকে মৃত ঘোষণা করা হয়।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন: কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮), এবং অজিত দাশ (৩০)। পুলিশ জানিয়েছে, নিহত ও আহত সবাই মাছ ব্যবসায়ী। তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে মাছ আনতে যাচ্ছিলেন। পিকআপ ভ্যানে মোট ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন।
মো. আলমগীর হোসেন জানান, “ভোরে সিটি গেট এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পিকআপটি দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।” পুলিশ জানিয়েছে, নিহতদের সুরতহাল প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ ও অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।