Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তনের জন্য চিকিৎসককে প্রলোভন ও হুমকি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তনের জন্য রংপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিবুল ইসলামকে সিঙ্গাপুর ও থাইল্যান্ড ভ্রমণের প্রলোভন এবং মামলার ভয়ভীতি দেখানো হয়েছিল। রোববার (২৪ আগস্ট ২০২৫) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই জবানবন্দি দিয়েছেন ড. রাজিবুল ইসলাম। গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা একটি মামলায় তিনি ১৮তম সাক্ষী হিসেবে এই জবানবন্দি প্রদান করেন।

ড. রাজিবুল ইসলাম বলেন, “আমি রংপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক। ২০২৪ সালের ১৬ জুলাই আমি শহীদ আবু সাঈদের ময়নাতদন্ত করি। তার শরীরে অনেকগুলো পিলেট পাওয়া যায়। পিলেট বিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমি পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করি। তবে তাজহাট থানার তদন্ত কর্মকর্তা আমার রিপোর্ট গ্রহণ না করে তিনবার নতুন করে রিপোর্ট লিখতে বলেন।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের ৩০ জুলাই রংপুর মেডিক্যালের ভাইস প্রিন্সিপালের রুমে রংপুর সিটি এসবির এসপি সিদ্দিক, রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি মারুফ এবং রংপুর মেডিক্যালের স্বাচিপ সভাপতি ড. চন্দন আমাকে তাদের মতো করে পোস্টমর্টেম রিপোর্ট দিতে চাপ দেন। তারা বলেন, আবু সাঈদের মাথায় আঘাতের বিষয়টি ফোকাস করতে হবে এবং বুলেট/পিলেট ইনজুরির পরিবর্তে হেড ইনজুরি ও নিউরোজেনিক শক উল্লেখ করতে হবে। তারা আমাকে মামলার ভয় দেখান এবং বলেন, আমার বিরুদ্ধে নাকি গোয়েন্দা রিপোর্ট আছে।”

চিকিৎসক রাজিবুল ইসলাম জানান, তাকে সিঙ্গাপুর ও থাইল্যান্ড ভ্রমণের প্রলোভন দেওয়া হয়। তিনি বলেন, “আমি বলেছিলাম, আমার পাসপোর্ট নেই। তখন তারা আমাকে স্ত্রী-সন্তানসহ দুই সপ্তাহ কক্সবাজারে ঘুরে আসার প্রস্তাব দেন এবং সব ব্যবস্থা করার কথা বলেন। তবে আমি তাদের প্রলোভনে রাজি হইনি। আমি ভাইস প্রিন্সিপালকে বলেছিলাম, আবু সাঈদকে গুলি করে হত্যার দৃশ্য টিভিতে লাইভ সম্প্রচার হয়েছে এবং তা সারা বিশ্ব দেখেছে। আমি যদি এই হত্যাকে হেড ইনজুরি বলে রিপোর্ট দিই, তাহলে সমাজ আমাকে ঘৃণার চোখে দেখবে।”

তিনি আরও বলেন, “ড. চন্দন আমাকে বলেন, নেত্রী আমার ব্যাপারে কনসার্ন এবং আমার ব্যাপার তারা দেখবেন। কিন্তু আমি আমার অবস্থান থেকে সরিনি। সর্বশেষ রিপোর্টে আমি আবু সাঈদের শরীরে পিলেট ইনজুরির বর্ণনা দিয়েছি, তবে ‘গান শট’ শব্দটি ব্যবহার করিনি।” এ সময় কান্নায় ভেঙে পড়েন ড. রাজিবুল। তিনি বলেন, “আমার স্ত্রী ও দুটি সন্তান আছে। তৎকালীন সরকার থাকলে আমার কী হতো? আমি জীবনের ঝুঁকি নিয়ে সত্য রিপোর্ট দিয়েছি। আমি আবু সাঈদ হত্যার নির্দেশদাতাসহ জড়িতদের বিচার ও শাস্তি চাই।”