গ্রেপ্তারে সুরক্ষা: নতুন বিধানে গ্রেপ্তারকারী কর্মকর্তাকে পরিচয় প্রকাশ করতে হবে এবং চাইলে পরিচয়পত্র দেখাতে হবে। গ্রেপ্তারের সময়, স্থান ও হেফাজতের তথ্য ১২ ঘণ্টার মধ্যে পরিবার বা নিকটজনকে জানাতে হবে। গ্রেপ্তারের কারণ লিখিতভাবে জানাতে হবে এবং সংশ্লিষ্ট থানার জেনারেল ডায়েরিতে নথিভুক্ত করতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তির তথ্য থানা ও জেলা সদর দপ্তরে ডিজিটাল মাধ্যমে প্রদর্শন করতে হবে। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশকে প্রমাণ করতে হবে যে, ব্যক্তি অপরাধ করেছেন বা যুক্তিসংগত সন্দেহের কারণ আছে। প্রতিরোধমূলক আটকের জন্য ৫৪ ধারা ব্যবহার করা যাবে না।
তদন্ত ও রিমান্ড: গ্রেপ্তারের পর আসামিকে আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ ১৫ দিনের পুলিশি হেফাজতের অনুমতি দিতে পারেন। হেফাজতের সময় নির্যাতনের অভিযোগ পেলে ম্যাজিস্ট্রেট মেডিকেল পরীক্ষার নির্দেশ দেবেন এবং প্রমাণ পেলে ব্যবস্থা নেবেন। তদন্ত ৬০ কর্মদিবসের মধ্যে শেষ করতে হবে। বিলম্ব হলে তদন্ত কর্মকর্তাকে কারণ লিখতে হবে এবং ম্যাজিস্ট্রেট সময় বাড়াতে পারেন। গাফিলতির জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে।
সংক্ষিপ্ত বিচার ও মামলা আপস: সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আর্থিক এখতিয়ার ১০ হাজার থেকে ৫ লাখ টাকায় উন্নীত হয়েছে। যেকোনো স্থানে ভ্রাম্যমাণ সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার বিধান রাখা হয়েছে। মামলা আপস সহজ করতে ধারা ১৪৩ আপসযোগ্য করা হয়েছে। আপসের চুক্তি নথিভুক্ত করে আদালত তার বাস্তবায়ন নিশ্চিত করবে।
অন্যান্য সংশোধনী: ব্যক্তিগত হাজিরা শিথিল করা হয়েছে; জামিনপ্রাপ্ত আসামি তদন্ত প্রতিবেদনের শুনানি পর্যন্ত আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারবেন। সাক্ষীদের জেরা আসামির অনুপস্থিতিতেও সম্ভব হবে। ধারা ৩২৫ জামিনঅযোগ্য করা হয়েছে, ফলে গুরুতর জখমের মামলায় জামিন কঠিন হবে। বেত্রাঘাত শাস্তি বিলোপ করা হয়েছে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেন, “সংশোধনীগুলোর উদ্দেশ্য ভালো, তবে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। সদিচ্ছা না থাকলে সংশোধনীর উদ্দেশ্য ব্যাহত হতে পারে।”