Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

নড়াইলের লোহাগড়ায় শিশু অপহরণের ঘটনায় নারীসহ চারজন গ্রেপ্তার, শিশু উদ্ধার

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রবাসীর শিশু সন্তানকে অপহরণের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। এ সময় অপহৃত শিশু আব্দুল্লাহ মেজবা (৮) কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহ মেজবা লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দীন মৃধার ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঘাঘা উত্তরপাড়া গ্রামের শহিদ শেখের ছেলে উজ্জ্বল শেখ (৩৬), বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫), যোগিয়া গ্রামের হানিফের ছেলে ভ্যানচালক জান্নাতুল (২০) এবং বাবুল লস্কারের ছেলে সাকিব (১৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘাঘা গ্রামের উজ্জ্বল শেখ একই গ্রামের শিশু আব্দুল্লাহ মেজবাকে অপহরণের পরিকল্পনা করেন। তিনি ভ্যানচালক জান্নাতুলকে ১০ হাজার টাকার প্রলোভন দেখান এবং ৫০০ টাকা অগ্রিম প্রদান করেন, বাকি টাকা কাজ শেষে দেওয়ার আশ্বাস দেন। এছাড়া, রোজিনা বেগম ও তার ছেলে সাকিবকে মুক্তিপণের টাকা দিয়ে তাদের ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দেন, যাতে তারা রাজি হন।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আব্দুল্লাহ স্থানীয় উজ্জ্বল শেখের দোকানে যায়। পরিকল্পনা অনুযায়ী, উজ্জ্বল তাকে দুটি ‘হিস্টাসিন’ ট্যাবলেট খাইয়ে অচেতন করে ফেলেন। এরপর জান্নাতুল, রোজিনা বেগম ও সাকিবের সহযোগিতায় তাকে অপহরণ করে মুক্তিপণ দাবির পরিকল্পনা করা হয়। ওই রাতেই শিশুটিকে লোহাগড়ার নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখা হয়। শিশুটির পাহারায় ছিলেন রোজিনা বেগম।

অপহরণের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে উজ্জ্বল শেখ আব্দুল্লাহর স্বজনদের লোহাগড়া থানায় অভিযোগ করতে পরামর্শ দেন। তবে, তাদের কথাবার্তায় অসংগতি থাকায় পুলিশ সন্দেহ করে তদন্ত শুরু করে। ওসি মো. শরিফুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায়, উপ-পরিদর্শক (এসআই) তারোক বিশ্বাস, আজিজুর তালুকদার ও সঙ্গীয় ফোর্সের তৎপরতায় রোববার (৩১ আগস্ট) ভোরে নিরিবিলি পিকনিক স্পট থেকে শিশু আব্দুল্লাহকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. শরিফুল ইসলাম জানান, শিশু অপহরণের ঘটনায় অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।