Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

লাল শার্ট পরা ব্যক্তির হামলায় নুরুল হক নুর আহত, তদন্তের দাবি মারুফ কামাল খানের

 

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় লাল রঙের শার্ট পরা এক ব্যক্তিকে হামলাকারী হিসেবে চিহ্নিত করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই হামলাকারীর পরিচয় বের করার আহ্বান জানিয়েছেন।

মারুফ কামাল খান তার পোস্টে লিখেছেন, “ফটো ও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে- গাঢ় লাল রঙের শার্ট পরা একটা লোক নুরুল হক নুরকে নির্দয়ভাবে আঘাত করছে। কে সেই বেপরোয়া হামলাকারী? তার পরিচয় বের করে ধরতে পারলে অনেক কিছুই জানা যাবে।” তিনি আরও বলেন, “জানা যাবে কারা খুব পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত ও নিয়ন্ত্রণহীন করতে চাইছে। তাদের উদ্দেশ্যই বা কী?”

তিনি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

প্রসঙ্গত, শুক্রবার রাত ৯টার পর বিজয়নগরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে তারা আল রাজী টাওয়ারের সামনে জড়ো হয়। সেখানে নুরুল হক নুরসহ দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর লাঠিচার্জ করে, যার ফলে নুরুল হক নুর গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।